খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক সমিতির নেতারা। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু করার দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া এক দিনের বেতনসহ কুয়েট শিক্ষক সমিতির ফান্ড থেকে ১০ লাখ টাকার স্থায়ী আমানতসহ ড. সেলিমের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের নামে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী প্রতীক চন্দ্র বিশ্বাস জানান, ড. সেলিমের পরিবারকে সব আর্থিক সুবিধাসহ অতিরিক্ত এক কোটি টাকা প্রদান এবং স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর বিকেলে কুয়েটের শিক্ষক ড. সেলিম হোসেন মারা যান। মৃত্যুর পর অভিযোগ ওঠে এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ তার অনুগত ছাত্ররা দায়ী।
