ছায়ানটে শুদ্ধসংগীত উৎসবের পর্দা নামল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২:৫৪ এএম

ধ্রুপদি সুরের মোহনায় ভাসিয়ে গতকাল শুক্রবার পর্দা নেমেছে ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসবের। এর আগে বৃহস্পতিবার শিল্পীদের সমবেত কণ্ঠে ভূপালী রাগে খেয়াল পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই উৎসবের সূচনা হয়েছিল। ছায়ানট সংগীতবিদ্যায়তনের শিক্ষাগুরু মদন গোপাল দাস এবং শিক্ষক সতীন্দ্রনাথ হালদারকে উৎসর্গ করে আয়োজন করা হয় এবারের শুদ্ধসংগীত উৎসব।

ছায়ানটের সভাপতি সন্্জীদা খাতুন বলেন, ‘শুদ্ধসংগীতের প্রতি আগ্রহ তরুণদের মাঝে কমে এসেছিল। ছায়ানট সেই ধারাকে বেগবান করতে সব সময় শুদ্ধসংগীতের প্রশিক্ষণ চর্চা অব্যাহত রেখেছে। প্রায় দেড় দশক বছর ধরে তারা সারা দেশের শিল্পীদের নিয়ে আয়োজন করছে এ উৎসব।’

ছায়ানটের দুই শিক্ষাগুরু গোপাল দাস ও সতীন্দ্রনাথ হালদারকে স্মরণ করে সন্্জীদা খাতুন বলেন, ছায়ানট সংগীতবিদ্যায়তনের সূচনালগ্ন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন মদন গোপাল দাস। শুরুতে তবলার সহযোগী শিক্ষক ছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই পূর্ণ শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এরপর ৫০ বছর ছায়ানটে শিক্ষকতা করেছেন। একইভাবে উচ্চাঙ্গসংগীতের শিক্ষক হিসেবে সতীন্দ্রনাথ হালদার ২৫ বছর সম্পৃক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। তারা উভয়েই শিক্ষক হিসেবে নিবেদিতপ্রাণ ছিলেন। উৎসবের প্রথম দিনের অধিবেশন চলে বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

গতকাল শুক্রবার দুই অধিবেশনে অনুষ্ঠিত হয় সমাপনী দিনের পরিবেশনা। সকেল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন। শুরুতেই রাগ ভৈরবের বৃন্দ পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। পরে কণ্ঠ-খেয়াল ‘গুণকেলি’ পরিবেশন করেন মো. আলাউদ্দিন মিয়া। আফরোজা রূপা পরিবেশন করেন আহীর ভৈরব। বিজন চন্দ্র মিস্ত্রী পরিবেশন করেন ‘রামকেলি’। মৃত্যুঞ্জয় কুমার দাস পরিবেশন করেন ‘শুধ্ সারাং’।

দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৪টায়। রাত সাড়ে ১০টায় পর্দা নামে উৎসবের। শুরুতেই বৃন্দ পরিবেশনা ‘ভীমপলশ্রী’ পরিবেশন করেন শিল্পীরা। পরে টিংকু শীল পরিবেশন করেন মারবা ‘পাখোয়াজ’, অনন্য রোজারিও ‘কুমার প্রতিবিম্ব’, মিনহাজুল হাসান ইমন ‘পুরিয়া কল্যাণ’। অনন্যা আচার্য ‘ভূপালী’, শ্রাবন্তী ধর রাগ ‘ছায়ানট’, অর্পিতা চক্রবর্তী ‘রাগেশ্রী’, সাইফুল ইসলাম ‘যোগ’, মোহ্সিইউ জৌভিয়াল ‘জিসাস ভুবন’, বিটু কুমার শীল ‘বাগেশ্রী’ এবং সবশেষে এবাদুল হক সৈকত ‘মালগুঞ্জী’ পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত