দেশে করোনা শনাক্তের হার ৪০০ গুণ বেড়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, বাস-ট্রেন-লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই নির্দেশনা আসবে। দোকান-পাট রাত ৮টার পর বন্ধের ঘোষণা দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। করোনা পরিস্থিতি ভয়াবহ মনে হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধেরও চিন্তা করা হবে।
মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শনিবার দুপুরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন জাহিদ মালেক।
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকেরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
হুঁশিয়ারি দিয়ে জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা কঠোরতা অবলম্বন করবো। মাস্ক ছাড়া বাইরে বর হলেই জেল-জরিমানা করা হবে।
আরও বলেন, দেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে। ওমিক্রন সংক্রমণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। ওমিক্রনে যুক্তরাজ্যে ১ লাখ ও আমেরিকাতে ৪ লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা চাই না। দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
