ঝালকাঠিতে স্কুলছাত্রী, গাজীপুরে সেনাসদস্য ও চালকের লাশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২:০২ এএম

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গাজীপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব লাশ উদ্ধার করা হয়।

ঝালকাঠির স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মিতু (১৫)। সে রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পিরোজপুরের কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে। রাজাপুরের মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম চর বাঘড়ি এলাকার ওয়াহেদ হাওলাদারের বাড়িতে সে ভাড়া থাকত। গত শনিবার রাত ১১টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, এদিন সকালে মিতুর সঙ্গে তার বোনের ঝগড়া হয়। রাত ১১টার দিকে মিতুর নানি দরজার ফাঁক দিয়ে মিতুকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘এটি আত্মহত্যা কি না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।’

এদিকে গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কর্মচারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল বারীর (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। গতকাল রবিবার সকালে গাজীপুর মহানগরীর মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইন সংলগ্ন ঝোঁপের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আবদুল বারী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এ ঘটনায় রাকিব হোসেন (২৫) নামে ওই ফ্যাক্টরির এক কর্মচারীকে গত শুক্রবার সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাফিউল হক বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অন্যদিকে জেলার কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গাবান্ধ এলাকা থেকে গত শনিবার রাতে অটোরিকশা চালক আবুল বাশারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। আবুল বাশার টাঙ্গাইলের নাগরপুর থানার ঘুনিপাড়া গ্রামের জামাল শেখের ছেলে। গাজীপুরের শ্রীপুরের বারতোপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই হাসান-উদ-দৌলাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত