বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। ২৮ জানুয়ারি হতে যাওয়া এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি হচ্ছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
এদিকে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন। এই প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
গতকাল সংবাদ সম্মেলন করে ইলিয়াস কাঞ্চন নিজের প্রার্থীতা চূড়ান্তভাবে ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য তিনি কি ধরনের উদ্যোগ নেবেন সেসব বিষয়েও কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের শিল্পীদের অনুদানের টাকায় নয় কাজ করে বাঁচিয়ে রাখতে হবে। সেটাই আমাদের প্রথম কাজ হবে। শিল্পীদের কেন মানুষ দুঃস্থ বলবে? আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নিব। নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। বিষয়গুলো আমাকে ভাবিয়েছে।’
তিনি আরও বলেন, 'সরকার আমাদের সিনেমার জন্য কিছু করতে চায়। প্রধানমন্ত্রীর ভালো লাগার একটা জায়গা বিএফডিসি। জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এই এফডিসি। নিপুণরা এসে বলেছে, আপনার মতো মানুষকে আমাদের লাগবে এখানে। তাই নির্বাচন করতে রাজি হয়েছি।'
তিনি আরও বলেন, 'আমার ছেলে জয় বলল, বাবা শিল্পী সমিতি থেকে তোমার তো কিছু নেওয়ার নেই। তুমি যে পর্যায়ে গেছ সেখান থেকে চিন্তা করলে এই সংগঠনের সভাপতি হওয়া তোমার জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছুও না। কিন্তু তুমি তো ওখান থেকেই এসেছ। তুমি দেশের জন্য এতকিছু করছ, যে জায়গা থেকে এসেছো সেই জায়গার মানুষর জন্যও যদি কিছু করে দিতে পার তাহলে তুমি নির্বাচন করো।'
সংবাদ সম্মেলনে চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, নতুন, ইমন, নীরব, সাইমন, প্রযোজক খোরশেদ আলম খোসরু, পরিচালক বদিউল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
