ডেল্টা লাইফে প্রশাসক নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:২৪ এএম

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জীবন বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আইডিআরএ স্থগিতাদেশের আবেদনে সম্মতি দিয়ে তা শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন চেম্বার আদালত।

চেম্বার আদালতের আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। তিনি বলেন, ‘হাইকোর্টের ওই রায়টি স্থগিত করেছেন চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ১৬ জানুয়ারি শুনানির জন্য পাঠিয়েছে আদালত।’

গত ৬ জানুয়ারি বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইডিআরএ কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেয়। একই সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে আইডিআরএ কর্তৃক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করাও অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।

প্রসঙ্গত, জীবন বীমা তহবিল বাড়িয়ে দেখানো, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনার কয়েকদিন পর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সাসপেন্ড করে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি। আইডিআরএ’র ওই নিয়োগ চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের বরখাস্ত হওয়া পর্ষদ হাইকোর্টে রিট করেছিল। রিটে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছিল।

উচ্চ আদালতের আদেশের পর ডেল্টা লাইফের তৎকালীন পর্ষদ গত বৃহস্পতিবার ও শনিবার সভার আয়োজন করে। শনিবারের বোর্ড সভায় ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হককে নিয়োগ দেওয়া হয়। 

উচ্চ আদালতের আদেশের এক দিন আগে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, ডেল্টা লাইফের সাবেক চেয়ারম্যান (বর্তমানে পূবালী ব্যাংকের চেয়ারম্যান) মঞ্জুরুর রহমান, তার ছেলে ডেল্টা লাইফের পরিচালক জেয়াদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রশাসক তুলে নেবে আইডিআরএ। আর সরকার ও এসইসি যৌথভাবে কোম্পানিটির জন্য নতুন একটি পরিচালনা পর্ষদ গঠন করবে। এ ছাড়া আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করবে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ। আর ডেল্টা লাইফের বিরুদ্ধে হওয়া মামলাগুলোও প্রত্যাহার করবে আইডিআরএ। বর্তমানে কোম্পানিটির পক্ষ থেকে আইডিআরএ ও এর চেয়ারম্যানের বিরুদ্ধে ২১টি মামলা চলমান রয়েছে। আর আইডিআরএর পক্ষ থেকে ডেল্টা লাইফের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি। এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

গত বছরের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ আচরণেরও’ অভিযোগ আনে প্রতিষ্ঠানটি। ওই সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান বলেন, আইডিআরএ বর্তমান চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, যিনি এক সময় ডেল্টা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ক্ষমতার সুযোগ নিয়ে তিনি নানাভাবে ডেল্টা লাইফকে হেনস্তা করছেন। তিনি ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার মেয়াদ নবায়নের বিষয়টি অনুমোদন করেননি। কোম্পানির পরিচালনা পর্ষদ বহিষ্কার করে প্রশাসক নিয়োগেরও হুমকি দিচ্ছেন আইডিআরএর চেয়ারম্যান।

উৎকোচ দাবির অভিযোগ তুলে কোম্পানির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন বিষয় সমাধানের জন্য আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কোম্পানির কাছে প্রথমে ২ কোটি, পরে ১ কোটি ও সর্বশেষ ৫০ লাখ টাকা উৎকোচ দাবি করেন বলে ওই সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এ সংক্রান্ত অডিও ক্লিপ ও ট্রান্সক্রিপটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ আকারে দাখিল করা হয়েছে। পরে এ বিষয়ে হাইকোর্ট বিভাগ অধিকতর তদন্ত করার আদেশ দিয়েছে।

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। যদিও এ কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। পরে অর্থ মন্ত্রণালয়ের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত