ব্যবহারকারীদের সম্পর্কে সংরক্ষণ করা তথ্য দেখা ও সম্পাদনার সুযোগ দিতে ‘মেমোরি সামারি’ নামে নতুন সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ, পেশা ও প্রয়োজন সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখা যাবে। পাশাপাশি ভুল তথ্য সংশোধন এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার সুযোগও থাকবে।
গুগলের তথ্যমতে, সময়ের সঙ্গে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পছন্দ পরিবর্তিত হতে পারে। যেমন কর্মস্থল পরিবর্তন হলে পুরনো তথ্য সরিয়ে নতুন তথ্য যুক্ত করা যাবে। এ ছাড়া জেমিনাইয়ের মেমোরিতে কখন কোন তথ্য যুক্ত বা পরিবর্তন করা হয়েছে, তার ইতিহাসও দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের প্রতিবেদন অনুযায়ী, মেমোরি সামারিতে ব্যবহারকারীর পরিচয়, সম্পর্ক, পেশাগত দায়িত্ব, আগ্রহ ও পছন্দের তথ্য আলাদাভাবে সাজানো থাকবে। জেমিনাইয়ের ওয়েবসাইটের সেটিংস থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগে গিয়ে ‘মেমোরি সামারি’ অপশনে ক্লিক করলে এসব তথ্য দেখা যাবে। চাইলে জেমিনাইকে সরাসরি ‘হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি?’ প্রশ্ন করেও তথ্যগুলো জানা যাবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল এআই প্ল্যান ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হচ্ছে। এটি ব্যবহারে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের পাশাপাশি ‘কিপ অ্যাক্টিভিটি’ ও ‘মেমোরি’ সেটিংস চালু থাকতে হবে।