চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবি শিক্ষার্থীদের

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০২:০৯ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবি জানিয়েছেন রাজশাহীর শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, প্রিলি ও রিটেন পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ, আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ হিসেবে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বেকারত্ব, পরিবারের চাপ ও আর্থিক কষ্টে অনেকেই আত্মহত্যা করছে। পড়াশোনা করার পর ভালো চাকরি না পাওয়ায় হতাশ হয়ে তারা এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন।

আজ কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। আমাদের তো এত টাকা নেই যে ঘুষ দিয়ে চাকরি নিব। তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব?

তারা আরও বলেন, এসব কাজ অনৈতিক, সংবিধান বিরোধী। আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবি ও যুক্তিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই। আমাদের প্রধান একটি দাবি হলো চাকরিতে আবেদন ফি কমানো। আমরা শিক্ষার্থী, থাকা খাওয়ায় আমাদের এমনিতেই অনেক টাকা চলে যায়, এর মধ্যে এক একটা আবেদন ফি দুই-তিন হাজার টাকা। আমরা কীভাবে ফর্মগুলো পূরণ করবো। তাই আমাদের দাবি সকল পরীক্ষার আবেদন ফি ১০০ টাকার মধ্যে নিয়ে আসা হোক।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের আশপাশের প্রায় ৪০ টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর বা তারও ঊর্ধ্বে আছে। অথচ বাংলাদেশে এ নীতি কখনো অনুসরণ করা হয় না।

স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস এগুলো নিত্য ঘটনায় পরিণত হয়েছে। অনেকে ভালো পড়াশোনা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর ইদানীং আমরা দেখতে পাচ্ছি একই সময়ে একাধিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এতে করে আমরা টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষা দিতে পারছি না। যা আমাদের সঙ্গে প্রতারণার সামিল। এমন প্রতারণা দ্রুত বন্ধ করতে হবে।’

কর্মসূচিতে আজিজুল হক কলেজের শিক্ষার্থী আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম, কামরুজ্জামান, শিবলী নোমান, ইসরাত জাহান, নবাব সিরাজউদৌলা কলেজের শিক্ষার্থী বেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় রাজশাহী বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত