আমার কাছে কিছু প্রমাণ আছে, দেখালে লজ্জা পাবেন: জাহানারা ইস্যুতে নাদেল

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের মূল দলে জাহানারা আলমের জায়গা না হওয়া নিয়ে তোলপাড় এখন দেশের ক্রিকেটে। একদিকে গুঞ্জন, জাহানারাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে জাহানারা টিম ম্যানেজমেন্টের দুজন সদস্যের প্রতি পক্ষপাতের অভিযোগ এনে চিঠি দিয়েছেন বোর্ডকে।

ক্রিকেটার জাহানারা ও টিম ম্যানেজমেন্ট যখন মুখোমুখি তখন এই ইস্যুতে মুখ খুললেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

জাহানারা আলমের বিষয়টিকে ‘স্পর্শকাতর ইস্যু’ হিসেবে উল্লেখ করেন নাদেল। সেই সঙ্গে বলেছেন, ‘আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’

এ কথা বেশ কৌশলের সঙ্গেই বলেছেন নারী ক্রিকেটের এই অভিভাবক। ক্রিকেটার বা টিম ম্যানেজমেন্ট- কারো প্রতি পক্ষ-বিপক্ষ অবস্থানে থেকে কথা বলেননি তিনি। তাই তার কাছে থাকা প্রমাণ কার পক্ষে বা বিপক্ষে সেটাও বোঝা যায়নি।

নাদেল বলেন, ‘দেখুন, আমি খেলোয়াড়দের অভিভাবক। যত দিন আমি উইমেন উইংসে কাজ করব তত দিন আমার টিমের প্রত্যেকের অভিভাবক আমি। সবার ভালোটার দায়ও আমার, খারাপটার দায়ও আমার। এই দায় নিয়েই বলছি, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেক বিষয় থাকে যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের, প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয়। এমন কোনো বিষয় আমি এড়িয়ে যেতে চাই।’

নাদেল আরো বলেন, ‘দেখুন, এখানে তো পক্ষে-বিপক্ষে যাওয়ার কিছু নেই। আমরা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই। বোর্ড, ম্যানেজমেন্ট, সংগঠক আমাদের মাঝে তারা (খেলোয়াড়েরা) সন্তানের মতো। তারা আমাদের ছোট বোনের মতো, ছোট ভাইয়ের মতো। চলার পথে তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। সেটা আমরা সংশোধনের জন্য সহনশীল ও অভিভাবকসুলভ মনোভাব যেটা দেখানোর সেটাই আমরা দেখাব।’

তিনি বলেন, ‘এই জায়গায় একটা টুর্নামেন্ট চলছে সেটা ছোট হোক কিংবা বড়। সে জায়গায় আপনারা সংবাদমাধ্যম ম্যানেজমেন্টকে যে সব প্রশ্ন করে যাচ্ছেন বা কাহিনি শুনতে চাচ্ছেন, তা আমি মনে করি আমাদের ক্রিকেটের জন্য চরম ক্ষতিকর। যেহেতু এটা স্পর্শকাতর ইস্যু, সেহেতু প্রত্যেকেরই নিজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখা, দেশের স্বার্থে, ক্রিকেটকে এগিয়ে নিতে এসব বিবেচনায় নেওয়া উচিত। আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’

জাহানারা চিঠি দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর। এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘অভিযোগটা উইমেন্স উইং হোক কিংবা বিসিবির সিইও (প্রধান নির্বাহী) যার কাছেই দিক। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিতে চাই। যাকে অ্যাড্রেস করে অভিযোগ দেওয়া হয়েছে উনি বলেছেন বিষয়টা দায়িত্ব নিয়েই দেখবেন। আশা করি উনি বিষয়টা সুরাহা করে দেবেন। সে জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় বা কিছু করতে হয় সেটাও আমরা করব।’

বাংলাদেশ নারী ক্রিকেট দল কমনওয়েলথ গেমসের বাছাইয়ে খেলতে এরই মধ্যে মালয়েশিয়ায় গেছে।

আরো পড়ুন

নির্বাচককে কাঠগড়ায় তুলে বিসিবিকে চিঠি জাহানারার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত