দুই মাসের মধ্যে অর্ধেক ইউরোপ ওমিক্রনে আক্রান্ত হবে: ডব্লিউএইচও

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪০ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে। খবর বিবিসি।

সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেছেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে।

বছরের প্রথম সপ্তাহেই ইউরোপে ৭০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। তার ভিত্তিতে ডব্লিউএইচও এই পূর্বাভাস দিয়েছে।

দুই সপ্তাহের মধ্যেই ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

ডা. ক্লুজ বলেন, ‘বর্তমানে ওমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যে সব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সে সব দেশেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাচ্ছে।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

এদিকে বাংলাদেশে এই পর্যন্ত অন্তত ২৪ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন বলে সরকারি সূত্রগুলো জানাচ্ছে।

কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতের একজন বিজ্ঞানী কয়েক দিন আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে আগামী তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেছেন, এখনো মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টেই বেশি আক্রান্ত হচ্ছেন, কিন্তু ওমিক্রনের সংক্রমণ শক্তি বেশি হওয়ায় আরও বেশি সংখ্যক লোক আক্রান্ত হবে বলে তিনি ধারণা করছেন।

ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১৩ জানুয়ারি থেকে সারা দেশে নানা ধরনের বিধিনিষেধ জারি করেছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত