সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১১ কেজি রুপার গয়না উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৩:২৬ পিএম

সাতক্ষীরার ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পৃথক দুই অভিযানে ১১ কেজি ৬৫০ গ্রাম রুপার গয়না উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গয়নাসহ এক যুবককে আটক করে। এ ছাড়া ভোমরা এলাকার কুলিয়া মোড় থেকে ১ কেজি ৯৫০ গ্রাম রুপার গয়না আটক করা হয়।

৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার সকালে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাইতা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করে টহলদল ৯ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গয়নাসহ এক যুবককে আটক করে। আটক হওয়া যুবক শহরের রসুলপুর গ্রামের মহব্বত সরদারের ছেলে মো. শামীম হোসেন (২৮)।

এ ছাড়া মঙ্গলবার রাতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মিজানুর রহমান কর্তৃক সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন কুলিয়া মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে ১ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রুপার গয়না আটক করা হয়।

উভয় ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের এবং আটক রুপার গয়নাসমূহ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার আটক যুবককে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত