নাটোর পৌর নির্বাচনের আগ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল আলম খান চৌধুরী বুড়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্র মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী জলির বিরুদ্ধে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় তাকে এই অব্যাহতি প্রদান করে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস স্বাক্ষরিত এক অব্যাহতি পত্র সাজেদুল আলম খান চৌধুরী বুড়ার কাছে পৌঁছে দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস জানান, আমরা নলডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। তবে ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল নাটোরে বর্ধিত সভায় এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছিলেন।
তার নির্দেশনার ১৩ দিন পর বুড়া চৌধুরীকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতি পাওয়া বুড়া চৌধুরী জানান, দল বহিষ্কার করলেই কী আর না করলেই কী, বুড়া চৌধুরী দলের নাম ভাঙিয়ে খায় না। অযোগ্য মেয়রের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। ভোটে জিতলে দল আবারও আমাকে রেজুলেশন করে ফিরিয়ে নেবে।
