কাশিমপুর কারাগারে অনিয়মের সত্যতা পেয়েছে দুদুক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০১:৪৮ এএম

গাজীপুর কাশিমপুর কারাগার নিম্নমানের খাবার সরবরাহ ও খাবার বিতরণে অতিরিক্ত টাকা আদায়, কয়েদিদের মোবাইল ফোন ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। গতকাল কারাগারটিতে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সালাম আলী মোল্লার নেতৃত্বে অভিযান চালানো হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, কাশিমপুর কারাগার কর্র্তৃপক্ষের বিরুদ্ধে কয়েদিদের নিম্নমানের খাবার প্রদান, ক্যান্টিনের খাবারের দাম বেশি রাখা এবং সঠিকভাবে চিকিৎসাসেবা প্রদান না করার অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রান্নাঘর, ক্যান্টিন ও হাসপাতাল পরিদর্শন করে অভিযান দল। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

দুদক টিম কারা হাসপাতাল পরিদর্শনকালে দেখতে পায়, সেখানে তাদের নিজস্ব কোনো ডাক্তার ও নার্স নেই। একজন ডাক্তার প্রেষণে কর্মরত আছেন। হাসপাতালটি উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায় হওয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করা হচ্ছে না। কয়েকজন কারারক্ষীর যোগসাজশে কিছু কয়েদির মোবাইল ফোন ব্যবহারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। স্ক্যানিংয়ের মাধ্যমে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন তাদের এনফোর্সমেন্ট টিম কারাগারে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত