সম্প্রতি প্রচার শুরু হয়েছে ‘ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্প ২০২২’ শিরোনামের একটি টিভি কমার্শিয়াল (টিভিসি)। বিজ্ঞাপনটি ইন্টারনেটে সামাজিক মাধ্যম থেকে সরাতে এবং প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানা যায়, সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার ও হেড অব মার্কেটিংকে এ নোটিশ পাঠানো হয়েছে।
১২ জানুয়ারি, বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খানের পক্ষে আইনজীবী এস এম আরিফ মণ্ডল এ নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেন।
নোটিশে বলা হয়েছে, দেশে প্রচারিত প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে `ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্প ২০২২’ শিরোনামে ২৫ সেকেন্ডের একটি টিভিসি প্রচারিত হচ্ছে এবং যা ইউটিউবেও প্রদর্শিত হচ্ছে। টিভিসির ভিডিও দৃশ্য অনুযায়ী—একটি মেয়ে মাথায় স্কার্ফ জড়িয়ে স্কুটি চালিয়ে গুগল ম্যাপ অনুসরণ করে রামরী পাড়া, বান্দরবন অভিমুখে বন্ধুর খোঁজে পাহাড়ি পথে ছুটে চলে। অবশেষে আনন্দম নামক স্থানে এসে উপস্থিত হলে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মুখাবয়বের বন্ধুটির সাক্ষাৎ পায়। ‘বন্ধুর সাক্ষাতের উচ্ছ্বাসে মেয়েটি তার হেলমেটটি খুললে (টিভিসির ১৪ সেকেন্ডে) স্কার্ফে জড়ানো মাথা ও গলার বেশভূষায় তাকে মুসলিম ভাবধারার নারী হিসেবে প্রতীয়মান হয়। পরের ১৫ সেকেন্ড থেকে ২১ সেকেন্ড পর্যন্ত মুসলিম ভাবধারার রীতি অনুযায়ী পোশাক পরিধান করে মেয়েটি ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বন্ধুটির সঙ্গে অন্তরঙ্গভাবে আলাপচারিতা করতে দেখা যায়। অতঃপর মেয়েটি তার দুই হাত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেটির দুই কাঁধে রাখলে এবং ছেলেটি মুসলিম মেয়েটির কোমরে হাত রাখলে বন্ধুত্বের বাইরেও অন্তরঙ্গ দৃশ্যের অবতারণা করে—যা দেশের বিরাট মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার শামিল।’
নোটিশে আরও বলা হয়েছে, এমন ভিডিও প্রচারের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। যার ফলে তারা ধর্মীয় নীতিভ্রষ্ট হতে পারে এবং তাদের ধর্মীয় চেতনা ও মূল্যবোধের অবক্ষয় হতে পারে। তাই ভিডিওটি বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল। তা ছাড়া ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত দেওয়ার অশুভ উদ্দেশ্যে কথিত ভিডিওটি ধারণ করে প্রচারের মাধ্যমে ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮ এর ২৮ ধারার অধীন অপরাধের শামিলও বটে। তাই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার খাতিরে কথিত টিভিসিটি সরানো এবং টিভিসি সংশ্লিষ্ট নাটকটি প্রচারে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বাংলাদেশের বিদ্যমান আইনে যথাযথ প্রতিকার চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
