বেলুনের ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩৫

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু-নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। বাৎসরিক ঠান্ডাকালীর মেলায় এ বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

উপজেলার ঢালুয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণের সময় সিলিন্ডারের পাশে থাকা শিশুরাই বেশি আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার জন্য নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লা মেডিকেলে ভর্তি দগ্ধ শিশুদের অভিভাবকেরা জানান, ওই ইউনিয়নে ঐতিহ্যবাহী ঠান্ডাকালীর মেলার আয়োজন চলছিল। শনিবার ওই মেলা বসবে। তাতে অংশ নিতে আনোয়ার হোসেন নামে বিরুলিয়া গ্রামের এক বেলুন বিক্রেতা বাড়ির সামনে বসে সিলিন্ডারের হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন। তা দেখতে বিকেলে আশপাশের শিশুরা সেখানে জড়ো হয়। সেসময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসিফ বলেন, আমরা এখন পর্যন্ত ২০ জনকে দগ্ধ অবস্থায় চিকিৎসা দিচ্ছি। বেশির ভাগই শিশু। আরও কয়েকজন নাঙ্গলকোট হাসপাতাল থেকে আসছে। এর মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বেলুন বিক্রেতাও আশঙ্কাজনক অবস্থায় সেখানে ভর্তি আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত