জি লে জারা-তে প্রথমবারের মতো জুটিবদ্ধ হবেন ভিকি-ক্যাটরিনা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৪৪ এএম

দুই বছর প্রেমের পর গত ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। এখনও পর্যন্ত কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। ফলে ভক্তদের একটি মনোবাঞ্ছা এখনও অপূর্ণই থেকে গেছে। কিন্তু পানি যে দিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে এই ইচ্ছাও বেশিদিন অসম্পূর্ণ থাকবে না। বলিউডের অন্দরমহলে কানাঘুষা শোনা যাচ্ছে ফারহান আখতারের পরবর্তী ছবি জি লে জারা-তে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে তার হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশলকে।

এই ছবিতে তিন মেয়ের সফরের কাহিনী বলা হবে। প্রধান ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটকে। কিন্তু এই তিন নায়িকার বিপরীতে কোন হিরোদের দেখা যাবে? সেই হিরো খুঁজতেই কালঘাম ছুটেছে ফারহান আখতারের। অবস্থা এমনই যে নিজেই কোনও একজনের বিপরীতে অভিনয় করবেন বলেও স্থির করে ফেলেছেন ফারহান। তাঁর আশা, তাঁকে দেখে ইন্ডাস্ট্রির অন্য অভিনেতারা এই ছবিতে কাজ করার জন্য রাজি হবেন।

সূত্রের খবর, ভিকি কৌশল নাকি এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয়ের জন্য রাজিও হয়ে গেছেন। ফলে ভিকি-ক্যাট ভক্তদের মনে খুশির জোয়ার। দুই নায়কের নাম মোটামুটি ফিক্সডই বলা যেতে পারে। ফলে ফারহান আখতারের কাজ আরও খানিকটা সহজ হয়ে গেল।

এক্সেল এন্টারটেইনমেন্ট-এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ভক্তদের এই সুখবর শোনালেন ফারহান আখতার। জানালেন, তৈরি হচ্ছে মেয়েদের রোড ট্রিপ নিয়ে ছবি জি লে জারা। আর কাস্ট তো যাকে বলে স্বপ্ন পূরণ। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, এবং আলিয়া ভাট। ফারহান লেখেন, ‘ডিরেক্টের হিসেবে ফের একবার ফিরছি, এই ঘোষণা করতে দারুণ এক্সসাইটমেন্ট ফিল করছি। দিল চাহতা হ্যায় ২০ বছর পূর্তিতেই এই সুখবর জানানোর বেস্ট দিন বলে মনে করলাম। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটকে নিয়ে জি লে জারা-র শ্যুটিং শুরু করব ২০২২ সালে। ফের এক পথে নামার জন্য তৈরি’।

এই ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, ফারহান আখতার এবং রিমা কাগতি। সব ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে মেগা স্টারার ছবি জি লে জারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত