শান্তিরক্ষা মিশনে মালি গেছেন পুলিশের ১৪০ সদস্য

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

পুলিশের ১৪০ শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা-তে যোগ দিতে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর পথে রয়েছেন।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

ডিআইজি (অপারেশনস্ ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস্) উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

গত ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত