বাতাসে ভাসার ৫ মিনিট পর সংক্রমণ ক্ষমতা হারাতে থাকে করোনাভাইরাস

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৫৫ পিএম

করোনাভাইরাস বাতাসে মিশে যাওয়ার প্রথম ৫ মিনিটে খুবই বিপজ্জনক, তবে ২০ মিনিট পর আর ছড়াতে পারে না।

এক গবেষণায় দেখা গেছে, কোনো কোভিড রোগীর নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে করোনাভাইরাস বাতাসে মেশার পর প্রথম পাঁচ মিনিট খুবই সংক্রামক থাকে। ওই সময়ের মধ্যে ধারেকাছে থাকা যে কাউকে ভাইরাস সংক্রমিত করতে পারে।

তবে তার পর থেকেই বাতাসে ভেসে থাকা অবস্থায় ভাইরাসটি সংক্রমণ ক্ষমতা দ্রুত হারাতে থাকে। বাতাসে ২০ মিনিট ভেসে থাকার পর ভাইরাসের আর তেমন কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না। করোনাভাইরাস সংক্রমণের ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞদের করা সাম্প্রতিক একটি গবেষণায় এমনটা দেখা গেছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। পিয়ার রিভিউ করেছেন বিশেষজ্ঞদেরই একাংশ।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের বহু গবেষণা হচ্ছে। কোনো একটি গবেষণার ফলাফল অনেক ক্ষেত্রেই অন্য গবেষণার ফলাফলে বিপরীত তথ্য হাজির করছে। অল্প সময়ে কাজ করতে গিয়ে করোনা নিয়ে গবেষণার মান অন্য গবেষণার মানের চেয়েও কিছুটা নেমে গিয়েছে। তাই গবেষণাপত্রটিকে আরও বিশেষজ্ঞের মতামত চেয়ে অনলাইন করা হয়েছে।

এর আগের গবেষণায় দেখা গিয়েছে, কোভিড রোগীদের নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে করোনাভাইরাস বাতাসের এক ধরনের দূষণ-কণা অ্যারোসলের মধ্যেই তার ঠিকানা খুঁজে নেয়। থাকে অ্যারোসলের মধ্যে। নতুন গবেষকরা দেখতে চেয়েছিলেন সেই অ্যারোসলের মধ্যে করোনাভাইরাস কী ভাবে টিকে থাকে, কতক্ষণ খুব সক্রিয় বা সক্রিয় থাকে এবং সক্রিয় থাকে কী ভাবে। সে জন্য করোনাভাইরাস বাতাসে মেশার পাঁচ সেকেন্ড পর থেকে ২০ মিনিট পর্যন্ত গবেষণাগারে ভাইরাসের ওপর নজর রেখেছিলেন গবেষকেরা।

মূল গবেষক ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কেমিস্ট্রির অধ্যাপক হেনরি পি অসউইন জানিয়েছেন, বাতাসে করোনাভাইরাস কতক্ষণ সক্রিয় থাকে আর সংক্রমণের নিরিখে কতক্ষণ পর্যন্ত খুব বিপজ্জনক থাকে- তা জানা গেল। তবে সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেয়া ও নিয়মিত মাস্ক পরার বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত