মেশিনে ভোট দেওয়া সহজ, বললেন ৯০ বছর বয়সী মঙ্গলী রানী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০১:১৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সব কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। জীবনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে আনন্দিত ৯০ বছর বয়সী মঙ্গলী রানী সরকার।

রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের পশ্চিম দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই প্রবীণ ভোটার।

মঙ্গলী রানী বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া সহজ। সিল দেওয়ার চেয়ে মেশিনে ভোট দেওয়া সহজ। তাড়াতাড়ি হয়ে যায়। ভিড় কম থাকায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি।

এদিকে ইভিএম পদ্ধতির কারণে কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এ ছাড়া ফিঙ্গার প্রিন্ট নিয়ে জটিলতায় পড়েছেন অনেক ভোটার।

সরেজমিনে দেখা যায়, কোনো কোনো কেন্দ্র ভোটারদের ইভিএম ব্যবহার শিখিয়ে দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা।

৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি ভোটকক্ষের সামনে দেখা যায়, টানিয়ে রাখা পোস্টার দেখে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি নিজেরাই বুঝে নিচ্ছেন কয়েকজন নারী।

৬ নম্বর ওয়ার্ডের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক নম্বর কেন্দ্রের ৬ নম্বর কক্ষে দেখা যায়, কয়েকজন নারীকে ইভিএমে ভোট দেওয়া শিখিয়ে দিচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তা।

রবিবার সকাল আটটা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বেলা চারটা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত