উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের কোনো ইস্যুতে সমস্যা থাকলে কিংবা কোনো বিষয়ে উন্নতির প্রয়োজন মনে করলে প্রথমে ঢাকায় আলোচনার জন্য বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে।
রবিবার সকালে এক ব্রিফিংয়ে ঢাকায় কর্মরত প্রায় ৪০টি দেশ ও জোটের কূটনীতিকদের সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মাসুদ বিন মোমেন অংশ নেন।
ব্রিফিংয়ে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কাতার, থাইল্যান্ডসহ প্রায় ৪০টি দেশ ও জোটের মিশন প্রধানেরা উপস্থিত ছিলেন। অবশ্য মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার অনুষ্ঠান চলাকালে সচিবালয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন।
কূটনীতিকদের সঙ্গে আলোচনার শুরুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো হিজড়া সম্প্রদায় থেকে কারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, সরকার ক্ষমতায়নের মাধ্যমে জনগণের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
সূত্র জানায়, বিদেশি কূটনীতিকদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন সহযোগী হিসেবে কোনো ইস্যুতে সমস্যা থাকলে কিংবা কোনো বিষয়ে উন্নতির প্রয়োজন মনে করলে তারা যেন বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হয়। ঢাকায় আলোচনা করে যদি তারা সন্তুষ্ট না হন, তখন যেন তাদের রাজধানীর কাছে ওই বিষয়টি তুলে ধরেন।
আইনমন্ত্রী আনিসুল হক আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ, সার্চ কমিটি গঠন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের পদক্ষেপের বিষয় নিয়ে কথা বলেন। এছাড়া, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন।
