প্রাইভেট কার খাদে, ২ এসআই নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০২:৩২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের দুই এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এএসআই রফিকুল। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গাড়িতে থাকা মাদক মামলার এক আসামি নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁ থানা বাইপাস সড়কের দত্তপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। মাদক মামলার ওই আসামিকে নিয়ে ভাড়া করা প্রাইভেট কারে পুলিশ সদস্যরা সোনারগাঁ থানায় ফিরছিলেন।

নিহতরা হলেন সোনারগাঁ থানার এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলাম। এসআই সালেহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের কাজী নূরুল ইসলামের ছেলে আর শরিফুল গোপালগঞ্জ জেলার চরভাটিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে  জানা গেছে, সোনারগাঁ থানার এসআই কাজী সালেহ আহমেদ, শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার কেন্দ্রীয় গণবিদ্যালয়-সোনারগাঁ থানা বাইপাস সড়কের দত্তপাড়ায় পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আসার আগেই স্থানীয়রা গাড়ির কাচ ভেঙে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আরও কেউ নিখোঁজ আছে কি না তা উদ্ধারের জন্য ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করবে।’

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, সোনারগাঁ থানার দুই পুলিশ সদস্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা একজন আসামি নিখোঁজ রয়েছে।

এদিকে জামালপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ও সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

জামালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত : জামালপুরের ইসলামপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় ২ জন নিহত : সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় এ ঘটে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আবদুর রশিদ মোড়ল (৬০) ও শুকুর মোড়লের ছেলে মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ ঘটনায় গুরুতর আহত একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেবের (৭০) অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত