শার্শা সীতাকুন্ডু গাজীপুর কমলগঞ্জে ৪ লাশ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:০১ এএম

যশোরের শার্শায় এক ইজিবাইকচালক, চট্টগ্রামের সীতাকুন্ডু ও গাজীপুরের পুবাইলে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এবং মৌলভীবাজারের কমলগঞ্জে ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বড়বাড়িয়া খাল থেকে শাকিব হোসেন (১৯) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। সে শার্শা উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, এলাকাবাসী জানিয়েছে গত সোমবার রাতে শাকিবের ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়া হয়।

সীতাকুন্ডু (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুন্ডে জেলেদের জালে উঠে এসেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সাগরে জাল তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে জেলেরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুবাইল থানার এসআই সুরুজ্জামান জানান, নিহতের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন না থাকলেও পিঠে একটু ছোলা চিহ্ন রয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে ডোবায় ভাসমান অবস্থায় আফিয়া বেগম (৫৫) ওরফে কণা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও সড়কসংলগ্ন লন্ডনী মার্কেটের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আবদুল আলীর মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত