এফডিসিতে এসে কেন কাঁদলেন নাসরিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ পিএম

এফডিসিতে জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সম্প্রতি বৃদ্ধ এক শিল্পীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলেন চিত্রনায়ক রিয়াজ। তারপর তাকে নিয়ে নানা সমালোচনা ও ট্রল করা হয়। কান্নার সমালোচনার জবাবও দিয়েছেন রিয়াজ। এবার এফডিসিতে এসে কাঁদলেন জনপ্রিয় অভিনেত্রী নাসরিন। কিন্তু কেন কাঁদলেন নাসরিন?

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার কথা ছিল নাসরিনের। ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু পরক্ষণে সরে আসেন। ২০ জানুয়ারি সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নাসরিন বলেন, ‘খারাপ লাগা তো থাকবেই। কিন্তু আমার একার কষ্টের চেয়ে সবার কষ্টটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কষ্টটা আমার মধ্যেই থাক। আমি চাই আমার ভাই-বোনের বিজয়, সবাই শান্তিতে থাকুক। সবাই কাজ করুক, ভালো থাকুক। কোনো প্যানেলকে নির্দিষ্ট করে বলতে চাই না। কারণ দুই প্যানেলেই আমার প্রিয় মানুষেরা আছেন। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত চিন্তা তো আছেই, কাকে ভোট দেব।’

এসব কথা বলার একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন নাসরিন। তিনি কান্না বিজড়িত হয়ে কথা বলতে থাকেন। কাঁদতে কাঁদতে নাসরিন বলেন, ‘একটি কথা বলতে চাই, একাত্তরে যুদ্ধ হয়েছিল। ইতিহাসটা তো সবার জানা। আমরা সেই গর্বিত জাতি। নয় মাসে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের কিন্তু পিস্তল-বোমা সেরকম ছিল না, লাঠিসোঁটা ছিল। মায়েরা বলেছে যা, যুদ্ধ করে দেশ স্বাধীন কর। প্রয়োজনে যদি তোর জান দিতে হয়, আমি মা হিসেবে মেনে নেব। এখন আমি শিল্পী ভাই-বোনদের বলতে চাই, যাও তোমরা স্বাধীন করো। আমাদেরকে স্বাধীন করো, আমাদের এফডিসিকে রক্ষা করো। আমরা বাঁচতে চাই।’

ইলিয়াস কাঞ্চনের নাম উল্লেখ করে কান্না জড়ানো কণ্ঠে নাসরিন বলেন, ‘কাঞ্চন ভাইয়ের জন্য আমার অনেক দোয়া। এই মানুষটার সম্মান যেন আমরা রাখতে পারি। আমি আর কারও কথাই বলছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত