বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে ‘শক্তিশালী পদক্ষেপ নিয়েছে’ যুক্তরাষ্ট্র: রেজা কিবরিয়া

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২:৫৮ পিএম

দেশে গড়ে প্রতি মাসে ২৫ জন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতো। র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর থেকেই এই হত্যা ও গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি বললেন, আমাদের দেশের গণতন্ত্রকে উদ্ধার করার ব্যাপারে আমেরিকা একটা শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার মনে হয় বাঙালি জাতির আমেরিকার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ আছে এ ব্যাপারে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শুক্রবার গণ-অধিকার পরিষদ আয়োজিত ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে একটি শক্তিশালী দেশ। সত্যি কথা বলতে, বিরোধী দল এই ১২ বছরে সরকারের ওপর কোনো শক্তিশালী প্রভাব ফেলতে পারেনি। এবার এই একটা ধাক্কায় তারা কোথায় গেছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।’

তিনি বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলোর দোষ দিয়ে লাভ নেই। দেশে এত দিন যা ঘটেছে, তারা সেগুলোই সবার কাছে তুলে ধরেছে। দেশের সরকারই এর জন্য দায়ী। সরকার শুধু র‍্যাবের মানসম্মান নষ্ট করেনি; বরং শান্তি মিশনে এসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভবিষ্যৎ নষ্ট করেছে।’

আলোচনা সভায় গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘আমরা এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবো, এটা চাই না। আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই, স্বাধীন জুডিশিয়ারি চাই এবং স্বাধীন গণমাধ্যম চাই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত