করোনা মহামারি বৃদ্ধির কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে শিক্ষাকার্যক্রম স্থগিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চালু থাকবে আবাসিক হল এবং রুটিনে প্রকাশিত হওয়া পরীক্ষাগুলো।
শনিবার বিকেলে অনলাইন মাধ্যমে জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে সকল দপ্তর। সীমিত আকারে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল সেবা কার্যক্রম। পাশাপাশি চালু থাকবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
তবে স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ কার্যক্রম চলবে- নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়নকাজ, পানি, বিদ্যুৎ, গ্যাস, অর্থ হিসাব ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার জমায়েত বন্ধ থাকবে এবং ক্যাম্পাসে কোনো বহিরাগতরা প্রবেশ করতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
