গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান আরমানকে হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আবদুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল রবিবার দুপুরে কালীগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়।
প্রবীণ সাংবাদিক আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাংবাদিক আল-আমিন দেওয়ানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মজিবুর রহমান, আবদুল গাফফার, আহাম্মদ আলী, রফিক সরকার, খোরশেদ আলম খান, মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় মূলধারার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা বলেন, আওয়ামী লীগ নেতা গণি ভূঁইয়াকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় একটি বিদ্যালয়ের শতবর্ষী দুটি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করায় আওয়ামী লীগ নেতা আবদুল গনির বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করেন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৭ জানুয়ারি সাংবাদিক নেতা আবদুর রহমানের ওপর চড়াও হন ও হুমকি দেন আবদুল গণি।
