বাংলাদেশসহ সারা বিশ্বে অসংক্রামক ব্যাধি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এই অসংক্রামক ব্যাধি নিরূপণের লক্ষ্যে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন হতে যাচ্ছে। ২৬-২৮ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন হবে। গতকাল সোমবার এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আয়োজকরা।
অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সম্মেলন অর্গানাইজিং কমিটির মেম্বার সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. আলিয়া নাহিদ, সিআইপিআরবির ডা. সাইদুর রহমান মাশরেকী, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নেতা ডা. বিশ্বজিৎ ভৌমিক, ডা. মাহফুজুর রহমান, ওরবিজ ইন্টারন্যাশনালের মুনির হোসেন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, জান্নাতুল বাকিয়া কেকা প্রমুখ।
সম্মেলনটিতে সহযোগিতা করছে ইউনিসেফ, ইউএনএফপি, ওরবিজ ইন্টারন্যাশনাল, ট্রমা সেন্টার, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল, রেনেটা ফার্মাসিউটিক্যাল, নুভিস্তা ফার্মাসিউটিক্যালসহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
