সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে বিদ্যুৎ-সংযোগ ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়। এতে বাসভবনের ভেতরের আলো জ্বলে উঠেছে।
এর আগে গত রবিবার রাতে উপাচার্যের বাসভবনের বিদ্যুতের তারটি কেটে দিয়েছিলেন তার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মো. হাসিবুর রহমান উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
