দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং-২০২২ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন সোমবার অনুষ্ঠিত হয়।
উচ্চ শিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন নবীন শিক্ষার্থীরা।
এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে ১৭শ’র বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবার ৬৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ভার্চুয়াল ওরিয়েন্টেশন নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।
নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাই এবং যুক্তরাষ্ট্রের সান হোসে স্টেট ইউনিভার্সিটির প্রযুক্তি, বিমান ও প্রযুক্তি বিভাগ, কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. ফারিয়া মাহজাবীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিজ ইয়াসমীন কামাল।
ভার্চুয়াল ওরিয়েন্টেশন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, চার অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান/পরিচালক, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ।
