শাবিপ্রবির আন্দোলনে সংহতি জানিয়ে রাবিতে অবস্থান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ারও আহ্বান জানান তারা।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক’ এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

গত ২০ জানুয়ারি থেকে একই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন রাবির প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিনের ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি এত দিনে পদত্যাগ করতেন। এইসব পুলিশি হামলা নতুন কিছু নয়। এই বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। ২০১৪ সালে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে পুলিশ, ছাত্রলীগ। ক্ষমতায় টিকে থাকার জন্য উপাচার্যরা কতটা নিকৃষ্ট হতে পারে তা আমরা দেখেছি।

তারা আরও বলেন, শাবিপ্রবির একজন শিক্ষার্থীর যদি কিছু হয় তাহলে ছাত্র আন্দোলন কি হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝতে পারবেন। পচা শামুকে পা কাটবেন না। শিক্ষার্থীদের দাবি মেনে নিন, নাহয় পরিস্থিতি আরও ঘোলাটে হবে। অতি দ্রুত উপাচার্য ফরিদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তরের সঞ্চালনায় অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত