বার্সেলোনায় গিয়ে জাভির সঙ্গে ডিনার মেসির

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ পিএম

হঠাৎ বার্সেলোনায় গিয়ে সবাইকে চমকে দিলেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন তারকার এই ফেরা যেনতেন কারণে নয়। বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজের জন্মদিনের ডিনার পার্টিতে অংশ নিতেই কাতালান শহরে পা রেখেছিলেন মেসি।

এক সময় বার্সেলোনায় সতীর্থ ছিলেন জাভি ও মেসি। মঙ্গলবার স্পেন ও বার্সা কিংবদন্তি জাভি পূরণ করলেন ৪২ বছর। এ উপলক্ষেই সোমবার বন্ধুদের নিয়ে ডিনার পার্টি করেন জাভি।

মেসি প্যারিস থেকে উড়ে গিয়ে বন্ধুর পার্টিতে অংশ নেন। জাপানি এক রেস্টুরেন্টে হওয়া ডিনারে ছিলেন বার্সেলোনার আরো দুই তারকা সার্জিও বুসকেটস ও জর্দি আলবা।

ডিনার শেষে দরজায় অপেক্ষমাণ সাংবাদিকেদের কোনো প্রশ্নের জবাব দেননি মেসি। শুধু এক মুহূর্তের জন্য থেমে তিনি এক ভক্তের বাড়িয়ে দেওয়া বার্সেলোনার জার্সিতে সই করেন।

গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি।

সামনেই বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার। এই দুই ম্যাচের জন্য মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ধারণা করা হচ্ছে লিগ ওয়ানের ছোট্ট বিরতির সময় পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত