সাজগোজ পেল ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৫:৪৩ পিএম

প্রসাধন ও সৌন্দর্যচর্চার ই-কমার্স সাইট সাজগোজ ডটকম ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেয়েছে। ভারতের সেকোয়া ক্যাপিটাল ১৭ কোটির বেশি (২ মিলিয়ন মার্কিন ডলার) টাকা বিনিয়োগ করেছে বলে জানা গেছে। 

বাংলাদেশি প্রযুক্তিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি এসবিকে টেক ভেঞ্চার বাকি অর্থ দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সাজগোজ এখন ধারাবাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে। ২০১৮ সালে ই-কমার্স ব্যবসা চালু করে সাজগোজ। দেশের শীর্ষ পাঁচটি ই-কমার্স প্ল্যাটফর্মে থাকা এ প্রতিষ্ঠান বর্তমানে প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার ক্রয়াদেশ সরবরাহ করছে। পাশাপাশি সারা দেশে একই সরবরাহ মাশুলে ৪০০ স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে সাজগোজ। গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল শেখ বলেন, বিনিয়োগের এ অর্থ গ্রাহক সংগ্রহ, নতুন বিক্রয়কেন্দ্র খোলা ও ই-কমার্স প্ল্যাটফর্মে আরো আন্তর্জাতিক ব্র্যান্ডকে নিয়ে আসার কাজে ব্যয় হবে।

তিনি জানান, কনটেন্ট সাইট হিসেবে ২০১৩ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম সৌন্দর্যবিষয়ক নিবন্ধ ও পরামর্শ টিপস নিয়ে লেখা দিয়ে থাকে। এ ছাড়া এ-সংক্রান্ত ভিডিওর একটি বড় তথ্যভান্ডারও হয়ে উঠেছে সাজগোজ। শুরুর সময়ে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরভিত্তিক অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চার ও আহান ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড থেকে বিনিয়োগ পেয়েছিল। এখন নতুন বিনিয়োগের অর্থ কনটেন্টসমৃদ্ধ করার কাজেও ব্যয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত