ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে চুরি, নথি তছনছ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৫৩ এএম

জামালপুরের ইসলামপুরে সাব রেজিস্ট্রার অফিসের এজলাস কক্ষ, নকলখানা ও খাস কামরায় আলমিরা ও লকার ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার গভীর রাতে পুরাতন কোর্ট ভবনের উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা  সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দিকা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও সাব রেজিস্ট্রার জানান, মঙ্গলবার গভীর রাতে অফিসের প্রধান ফটকের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। এ সময় এজলাস, অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমিরা ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করা হয়।

তিনি আরও জানান, কী কী চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সবকিছু গোছানোর পর জানা যাবে কোনো দলিল চুরি হয়েছে কি না। তবে দুর্বৃত্তরা অফিস কক্ষের একটি ল্যাপটপ নিয়ে গেছে।

তিনি আরও জানান, নৈশপ্রহরী থাকার পরও কীভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত