চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার, ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:২৩ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চেতনানাশক খাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী (৬২) নামে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, হাটহাজারী থানায় ভুক্তভোগী মোহাম্মদ আলীর নামে মামলা করেন। সে ওই গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

মামলার আরজিতে বলা হয়, দীর্ঘদিন প্রবাসী স্বামী যোগাযোগ না করায় তাকে বশে আনতে কবিরাজ মোহাম্মদ আলীর শরণাপন্ন হন ওই গৃহবধূ। গত শনিবার ফের কবিরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাড়িতে আসতে বলেন। সেখানে যাওয়ার পর একপর্যায়ে কবিরাজ গৃহবধূকে বলেন, তার সঙ্গে শারীরিক মিলন করলেই কেবল স্বামীর সঙ্গে যোগাযোগ স্থাপন হবে। তিনি রাজি না হলে আলাপের একপর্যায়ে তাকে পানি খেতে দেন কবিরাজ। এরপর আর তার কিছু মনে নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত