মাঝরাতের বিস্ফোরণে কেঁপে ওঠেছে ভারতের ঝাড়খণ্ডের গিরিডি। গুরুত্বপূর্ণ রেললাইন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। রুট বদল বা বাতিল হয়েছে অনেক ট্রেনের, রাজ্য জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এ ঘটনায় সন্দেহের তীর ছোড়া হচ্ছে রাজ্যে মাওবাদীদের দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার দিবাগত রাত স্থানীয় সময় দেড়টা নাগাদ ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি।
মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে মাওবাদীদের একাধিক পোস্টার। বড় নাশকতার ছকও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
নাশকতার আশঙ্কা থাকায় গতিনিয়ন্ত্রণ করে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতাও।
সংবাদমাধ্যমগুলো বলছে, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ওই রুটে অনেক ট্রেন বাতিল করা হয়। অনেক ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২৭ জানুয়ারি ঝাড়খণ্ড-বিহারে ধর্মঘটের ডাক দিয়েছিল মাওবাদীরা। ঘোষণার পর থেকেই রেলকে তারা লক্ষ্যবস্তু করেছে। সিপিআই পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বোস এবং তার স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দেয়।
