গালি দিতে নিষেধ করায় মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৪২ এএম

অশ্লীল গালাগালি করতে নিষেধ করায় বরিশাল নগরে দিপু হালদার (৪০)‌ নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত।

বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিপু ওই এলাকার মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে।

হামলাকারী মাদকসেবী ‌ডে‌ভিড মিস্ত্রি কুডুকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় মাসুম আহম্মেদ ও সুশান্ত বিশ্বাস বলেন, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যান। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে-তাকে গালাগাল করতে থাকেন।

এ সময় দিপু তাকে গালাগাল করতে নিষেধ করেন এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে দিপুকে কোপানোর হুমকি দেন মাদকসেবী কুডু।

এর জের ধরে রাতে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরি দিয়ে পেটে কোপ দেন কুডু। এতে দিপুর পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা এই সময় মাদকসেবী কুডুকে ধরে ফেলে থানা পুলিশে সোপর্দ করে।

আহত অবস্থায় দিপুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজমিস্ত্রি দিপুর ভাই সজল হালদার বলেন, ‘আমরা কিছুই জা‌নি না। দ্রুত খবর পেয়ে দিপ‌ু দাদাকে নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। হত‌্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে।’

শেবা‌চিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জেল আহ‌ম্মেদ জানান, পেটে ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে দিপুর মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি।

বরিশাল এয়ারপোর্ট থানার অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সে‌লিম জানান, এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুডুও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত