মেয়ে মুক্তিকে নিয়ে এফডিসিতে ভোট দিতে এলেন আনোয়ারা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৪:৫২ পিএম

শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল। বেলা ১টায় ভোট দিতে আসেন বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা। এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অভিনেত্রী মুক্তিও।

তিনি বলেন, 'অনেকদিন পর এফডিসিতে এলাম। খুব ভালো লাগছে৷ উৎসবমুখর পরিবেশ। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। ভালো লাগছে।'

মুক্তি আরও বলেন, 'আমরা চাই সুন্দর একটা নেতৃত্ব। সবাই মিলেমিশে যেন শিল্পীদের উন্নয়ন করে, শিল্পীদের বিপদ আপদে ছুটে যায় এমন নেতৃত্ব চাই।'

আনোয়ারা বলেন, 'ভোট দিতেই তো আসা হয় এখন। এসেছি। ভালো লাগছে।'

উল্লেখ্য, তারকা অভিনয়শিল্পীদের সমন্বয়ে গড়া দুটি প্যানেল অংশ নিচ্ছে এই নির্বাচনে। বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন।

নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী খলচরিত্রের অভিনেতা মিশা সওদাগর। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী জায়েদ খান।

দুটি সহসভাপতি পদে কাঞ্চন-নিপুণ পরিষদের প্রার্থী রিয়াজ ও ডি এ তায়েব। অন্যদিকে এই দুই পদে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী মাসুম পারভেজ রুবেল ও খলচরিত্রের অভিনেতা ডিপজল।

সহসাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে লড়ছেন কাঞ্চন-নিপুণ পরিষদের যথাক্রমে সাইমন ও শাহনূর। এই দুই পদে মিশা-জায়েদ পরিষদের প্রার্থী যথাক্রমে সুব্রত ও আলেকজান্ডার বো।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী নিরব ও জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ও জ্যাকি আলমগীর। ইমন ও জাকির হোসেনের লড়াই হবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী ফরহাদ ও আজাদ খান।

১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য নির্বাচনে লড়ছেন ২৪ জন। তারা হলেন— অঞ্জনা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানা শাহ, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, হরবোলা, রোজিনা, শাকিল খান, সুচরিতা, সাংকুপাঞ্জা, সীমান্ত ও হাসান জাহাঙ্গীর।

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের বাকি দুই সদস্য বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত