গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে হওয়া মামলার সাক্ষীকে ওই কমিটির সদস্য করায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি।
গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাহাবউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী শহিদুল্লাহ, শেখ তোফাজ্জল হোসেন, হাফেজ ইব্রাহিম, রফিকুল ইসলাম বাবলু ও মিজানুর রহমান খোকন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, সদ্য ঘোষিত ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রকৃত নেতাদের বঞ্চিত করে অরাজনৈতিক অদক্ষ শ্রমিক ও যুবদলের সাধারণ কর্মীদের দিয়ে বিএনপির পকেট কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলার সাক্ষী মনিপুর গ্রামের সুরপান আলী মুন্সির ছেলে হাবিবুর রহমানকে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সদস্য করা হয়েছে।
তবে মামলার সাক্ষী হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ মনগড়া মতো সাক্ষীতে আমার নাম লিখেছে। আমি সাক্ষ্য দেব না।’
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন রিজভী বলেন, ‘পুলিশ হাবিবুরকে সাক্ষী করেছে কিন্তু সে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবে না।’
