জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আইন ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র। এ আইন সাংবিধানিক চেতনার প্রতিনিধিত্ব করে না। আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত হয় না, গত কয়েক বছরে তা বহুবার প্রমাণিত হয়েছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে রব বলেন, ‘ইসি আইন ক্ষমতা টিকিয়ে রাখার অতীতের কলঙ্কিত সার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি। এই আইনে সরকারের আত্মতৃপ্তির উপকরণ জোগান হয়েছে। কিন্তু জনগণের ভোটাধিকারের স্বপ্ন আরও তিরোহিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সত্তরের নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়নি বলেই জনগণ বঙ্গবন্ধুর পক্ষে রায় দিতে পেরেছিল। সেসব এখন আওয়ামী লীগের নিকট ভুলে যাওয়া অতীত। ইসি হবে, সংবিধানের দায় পালনের জন্য নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু ফল সরকারের অনুকূলেই থাকতে হবে। এই যখন সরকারের মনোবাসনা ও প্রতিজ্ঞা, তখন আর অবাধ নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করাটাকেই সরকার অধিকার বলে মনে করে।’
