দেশে আগের দিনের তুলনায় শনাক্ত কমলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩২৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২ জন খুলনার, ২ জন রংপুরের এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১ জন করে আছেন।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২০ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৪৪০ জনের। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
