ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৌকা সমর্থকদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।
তারা হলেন- ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেল, নিউজবাংলা২৪.কমের প্রতিনিধি সোহেল রানা।
শুক্রবার দুপুরে সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণ করতে গেলে নৌকার প্রার্থীর সমর্থকেরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সর হাসপাতালে ভর্তি করেছে।
আহত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার হিমেল জানায়, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের খুলি বৈঠকে প্রতিপক্ষ নৌকার প্রার্থীর সমর্থকেরা হামলার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লাঠিসোঁটাসহ অবস্থান নেয়া লোকজনের ভিডিও ধারণ করতে গেলে নৌকার সমর্থকেরা আমাদের তিন সাংবাদিককে বেধড়ক পেটায় এবং ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়।
তানভীর হাসান তানু বলেন, ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে নৌকার সমর্থকেরা ক্যামেরা বন্ধ করতে বলে । এ সময় অতর্কিত ভাবে লাঠি দিয়ে আমাদের বেধড়ক পেটায়। তার বুকে ও পিঠে লাঠি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ করেন তানভীর।
চিকিৎসকেরা জানান, আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনার তদন্তের করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
