অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে অল্প রানেই গুটিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের ইনিংস।
অ্যান্টিগায় শনিবার টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৭.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায়।
শুরু থেকেই পথ হারা ছিল বাংলাদেশ। মাত্র ১৪ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা তারা সামাল দিতে পারেনি। ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে এক শর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। অষ্টম উইকেটে মেহরব হাসান ও আশিকুর জামান ৫০ রান যোগ করলে দলের স্কোর এক শ ছাড়ায়।
মেহরব ৪৮ বলে ৩০ রান করেন ৬ চারে। আশিকুর ২৯ বলে ১৬ রান করেন ১ চারে। আইচ মোল্লার ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ১৭ রান।
ভারতের পক্ষে রবি কুমার সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ভিকি অস্তওয়াল।
২০২০ যুব বিশ্বকাপে এই ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার কোয়ার্টার ফাইনালেই দেখা দু দলের। সেমিতে যাওয়ার এই লড়াইয়ে পুঁজিটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। এখন বোলাররা এই ছোট্ট পুঁজি নিয়েও বড় কিছু করতে পারে কিনা সেটিই দেখার।
