শৈত্যপ্রবাহ থাকবে আরও দুদিন, হিলিতে বৃষ্টির মতো কুয়াশা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২:০৮ এএম

দেশের বেশির ভাগ অঞ্চলজুড়েই এখন বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরের দুই জেলা কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষজন।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও রাজারহাটে। এ দুটি স্থানে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি, যা শুক্রবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পঞ্চগড়ে এক অঙ্কে নেমে এসেছে তাপমাত্রা

হিমালয় কন্যা পঞ্চগড়ে গত দুদিন ধরে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। শনিবার সকাল নয়টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড় ও কুড়িগ্রামের রাজারহাটে যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার এখানে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের ভাষায় ৬-৮ এর মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্য প্রবাহ বলা হয়। সকাল ১০ টার পর সূর্যের দেখা মিললেও তাপ ছড়াতে পারেনি।

কুয়াশা না থাকলেও হাড় কাঁপানো কনকনে শীত এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার এমন রূপ দেখা মিলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা ছিল আজ পঞ্চগড়ে। বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ কমছে। যা এ মৌসুমেরও সর্বনি¤œ তাপমাত্রা। এমন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। এখন চলছে মাঝারি শৈত্য প্রবাহ।

হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তাপমাত্রা আরও কমায় ও হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় অটোচালকরা।আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।

গত কয়েক দিন ধরেই হিলিতে শীত অব্যাহত রয়েছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। সেই সাথে আজ সকাল থেকেই কুয়াশা ঝরছে। যার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। খানিকটা বেলার পর আজ সূর্যের দেখা মিললেও রোদের তেমন উত্তাপ নেই। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে শীতের মাত্রা বাড়ছে। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪/৫ কিলোমিটার, বেলা বাড়ার সাথে সাথে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ৮/১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে তবে আগামী ২/১দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য বাড়তে পারে। কিছু কিছু এলাকার উপর থেকে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত