পরীমণির অসুস্থতার কারণে পিছিয়েছে সাক্ষ্য গ্রহণ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

জানা গেছে, চিত্রনায়িকা পরীমণির অসুস্থতা উল্লেখ করে তার আইনজীবী আবেদন করেছেন।

এ দিন মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। জামিনে থাকা এ দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহাবুবুল হাসান সাংবাদিকদের বলেন, পরীমণি অসুস্থ। তিনি অন্তঃসত্ত্বা। জ্বরে আক্রান্ত। এ সব কারণ উল্লেখ করে সময় চেয়ে তার আইনজীবী আবেদন করেন। আবার মামলার বাদী র‍্যাব-১–এর ডিএডি মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেন।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৮ দিন জেল খেটে জামিন পান এ নায়িকা। ওই সময় বারবার জামিন আবেদন নাকচ হলে নানা ধরনের আইনি বিতর্ক ওঠে।

এ মামলায় গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত