অবামেয়াংয়ের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বার্সার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পিএম

পিয়ের-এমেরিক অবামেয়াং এখন অফিশিয়ালভাবে বার্সেলোনার খেলোয়াড়। ৩২ বছর বয়সী গ্যাবনিজ স্ট্রাইকারকে আর্সেনাল থেকে ‘ফ্রি ট্রান্সফারে’ দলে টেনেছে স্পেনের ক্লাবটি।

শীতকালীন দল বদলের শেষ দিন ছিল সোমবার। সেদিনই অবামেয়াংকে দলে টানে বার্সা। যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে কাতালান ক্লাবটি চুক্তির কথা নিশ্চিত করেছে বুধবার।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি অবামেয়াংয়ের। তবে একটি শর্ত রয়েছে তাতে। চাইলে দুই পক্ষই ২০২৩ সালের জুনে চুক্তি বাতিল করতে পারবে।

অবামেয়াংয়ের ‘রিলিজ ক্লজ’ ১০ কোটি ইউরো। অর্থাৎ চুক্তির সময়ের মধ্যে অন্য কোনো ক্লাব তাকে কিনতে চাইলে এই পরিমাণ অর্থ বার্সাকে দিতে হতে তাদের।

বার্সায় যোগ দিতে পেরে খুশি অবামেয়াং, ‘আমি এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং খুশি। আমার প্রধান লক্ষ্য দলকে সাহায্য করা এবং দলকে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনতে যা করা প্রয়োজন আমি করব।’

পাঁচ বছর বরুসিয়া ডর্টমুন্ডে দাপটের সঙ্গে খেলে ২০১৮ সালে আর্সেনালে যোগ দেন অবামেয়াং। শৃঙ্খলা ইস্যুতে ডিসেম্বর থেকেই গানারদের হয়ে খেলা হচ্ছিল না তার। হারান অধিনায়কত্বও।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার মোটেও বনিবনা হচ্ছিল না। শীতকালীন দলবদলে তিনি ধারে কোথাও যান কিনা সেনিয়ে কৌতূহল ছিল সবার।

শেষ পর্যন্ত ধারে নয়, পাকাপাকিভাবেই বার্সেলোনায় পাড়ি দিলেন অবামেয়াং। এর আগে আর্সেনাল তার সঙ্গে ‍চুত্তি বাতিল করে। এ জন্য ক্ষতিপূরণও পেয়েছেন তিনি।

আর্সেনালের হয়ে ১৬৩ ম্যাচে ৯২ গোল করা অবামেয়াং সোমবার স্পেনে উড়ে যান এবং মঙ্গলবার বার্সায় অনুশীলনও করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত