শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।’
এর আগে করোনার বাড়বাড়ন্ত বিবেচনা করে গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আরও দুই সপ্তাহ শ্রেণি কক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।
