দাম বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১,২৪০ টাকা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৮ পিএম

দুই মাস মূল্যহ্রাসের পর বেড়েছে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বর্ধিত দাম কার্যকর হবে।

সৌদি সিপির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার মাসিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম আগের মাসের চেয়ে ৫ টাকা ১৭ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা নির্ধারণ করেছে সরকার।

সে অনুযায়ী ৬২ টাকা বাড়িয়ে ১২ কেজি ওজনের একটি এলপিজির সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে মুসকসহ ১ হাজার ২৪০ টাকা, যা জানুয়ারি মাসে ১ হাজার ১৭৮ টাকা ছিল।

নতুন ঘোষণা অনুযায়ী রেটিকুলেটেড এলপিজির দাম ঠিক হয়েছে ১০০ টাকা ১০ পয়সা যা জানুয়ারি মাসে ৯৪ টাকা ৯৪ পয়সা ছিল।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে মূসকসহ ৫৭ টাকা ৮১ পয়সা, আগের মাসে ছিল ৫৪ টাকা ৯৪ পয়সা।

টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে এলপিজির দাম কমা শুরু করে। জানুয়ারিতে দ্বিতীয় মাসের মতো দাম ৪ শতাংশ কমলেও ফেব্রুয়ারিতে এসে বেড়ে গেল ৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত