ক্যানসারের সঙ্গে লড়াই: একুশে পদক প্রাপ্তিতে কান্না পাচ্ছে মাসুম আজিজের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫ পিএম

সদ্য ঘোষিত একুশে পদক পাওয়া গুণীজনদের তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম আজিজ৷ ফুসফুস ক্যানসারের সঙ্গে লড়াইরত এ বরেণ্য অভিনেতা একুশে পদক পাওয়ার আনন্দে কাঁদলেন। মাসুম আজিজ জানালেন, গত মাসেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। দ্রুতই চিকিৎসা শুরু করেন। এ পর্যন্ত কেমোথেরাপি দিয়েছেন ৩ বার ও রেডিও থেরাপি দেওয়া দেওয়া হয়েছে ১৩ বার ।

মাসুম আজিজ বলেন, ‘আমার লড়াইটা এখন ক্যানসারের সঙ্গে। আমি জানি না জিতব কি-না। তবে মৃত্যুর আগে জেনে যাচ্ছি, অভিনয় করতাম, আমার অভিনয়ের একটি রাষ্ট্রীয় সনদ রয়েছে। এ খবর পাওয়ার পর আমার শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো কারও অজানা নয়। জীবনের সব সুখ আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দিইনি। এই প্রাপ্তি বোধ হয় তারই ফল।’

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আরও বলেন, ‘এখন পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকেরা বলেছেন আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে। ছেলে মেয়েরা কন্ট্রিবিউশন করছে। বোল্ডলি বলব না কোনো সমস্যাই হচ্ছে না, তবে চলছে। মোট ৮ টি কেমোথেরাপি ও ৩০ টি রেডিও থেরাপি দিতে হবে। ’

কী বলছেন চিকিৎসকেরা? মাসুম আজিজ বলেন, ‘চিকিৎসকেরা আমাকে অভয় দিয়েছেন। কিন্তু লড়াইটা কঠিন। লড়াইটা চালিয়ে যাচ্ছি। ইনিশিয়াল স্টেজে রয়েছে জার্ম। এখন দেখা যাক, কী হয়। ’

একুশে পদক পাওয়ার খবরে আনন্দিত এই অভিনেতা বলেন, ‘আমার অভিনয় জীবনের এটা বড় একটি স্বীকৃতি। আমিও অভিনয় করেছি আমারও একটি সনদ রয়েছে। হয়তো আমি থাকব না, এই সনদ আমাকে পরিচয় করিয়ে দেবে। এই খবর আমাকে আনন্দিত করেছে। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চার শতাধিক নাটকে অভিনয় করেন।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবার একুশে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ২৪ জন বিশিষ্ট নাগরিক এই পুরস্কার পেতে যাচ্ছেন। এর মধ্যে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আছেন ৭ জন ব্যক্তিত্ব। এঁরা হলেন জিনাত বরকতউল্লাহ (নৃত্য), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), ইকবাল আহমেদ (সংগীত), মাহমুদুর রহমান বেণু (সংগীত), খালেদ খান (মরণোত্তর, অভিনয়), আফজাল হোসেন (অভিনয়) ও মাসুম আজিজ (অভিনয়)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত