কৃষি শিক্ষা, কৃষির উন্নয়ন, গবেষণা ও এর সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ২০২১-২২ ও স্নাতকোত্তর উইন্টার ২০২১ টার্মে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর মো. মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে ৩২৮ জন পিএইচডি ডিগ্রি ও ৬৮টি বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় এ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, গবেষকদের অনুরোধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, আধুনিক সময়ের অন্যকিছু যেন তোমাদের গ্রাস না করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার। ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিয়মাবলি, হলের নিয়মাবলি, বিভিন্ন অনুষদের কোর্স প্রোগ্রাম বিষয়ে প্রক্টর মহোদয়, প্রভোস্টগণ ও ডিনগণ বিস্তারিত তুলে ধরেন।
