গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম কালাম (৪৫)। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃৃত ঘোষণা করেন। কালাম পাবনার আতাইকুলা থানার তেলিগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি।
কালাম ২০১৬ সাল থেকে বন্দি ছিলেন বলে জানিয়েছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
